২০ নভেম্বর ২০২৬

তিন কাভার্ডভ্যান উল্টে মিরসরাইয়ে ১০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকেরা। ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থেকে গন্তব্যে পৌঁছাতে বিলম্ব হচ্ছে তাদের।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে উপজেলার নিজামপুর (সরকারহাট) বাজার এলাকায় নাহার এগ্রোর পোল্ট্রি খাদ্যবাহী একটি কাভার্ডভ্যান উল্টে গেলে যানজটের সূত্রপাত হয়। পরে সকাল সাড়ে ৭টার দিকে মিরসরাই পৌর সদরে থানা মসজিদের সামনে আরও দুটি কাভার্ডভ্যান উল্টে গেলে যান চলাচল ব্যাহত হয়। এতে যানজটের তীব্রতা আরও বাড়ে।

সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে নিজামপুর থেকে মিরসরাই সদর পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। আটকে পড়েছে পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান ও যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যানবাহন।

যানজটে আটকে থাকা ট্রাকচালক সুজা উদ্দিন বলেন, তিনি গাজীপুর থেকে চট্টগ্রাম যাচ্ছিলেন। যানজটে পড়ে বড়তাকিয়া এলাকায় এক ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছেন। কখন পরিস্থিতি স্বাভাবিক হবে, তা বুঝতে পারছেন না।

বারইয়ারহাট থেকে চট্টগ্রাম যাওয়ার পথে চয়েস পরিবহনের যাত্রী ইব্রাহিম খলিল বলেন, ২০ মিনিটে বারইয়ারহাট থেকে বড়তাকিয়া পৌঁছেছেন। এরপর যানজটে আটকে আছেন। কতক্ষণ অপেক্ষা করতে হবে, তা বুঝতে পারছেন না।

আরেক যাত্রী ওয়াজি উল্লাহ বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যানবাহন উদ্ধার করতে অনেক সময় লাগে। দ্রুত দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরিয়ে নেওয়া গেলে দীর্ঘ যানজট এড়ানো সম্ভব।

এ বিষয়ে কুমিরা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) জিয়া উদ্দিন বলেন, মিরসরাইয়ের নিজামপুর এলাকায় একটি গাড়ি উল্টে যাওয়ার পর যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ দ্রুত উদ্ধারকাজ শুরু করেছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি সরিয়ে নেওয়া হচ্ছে। কিছুক্ষণের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন