ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মেঘনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের দুই দিন পর ফারিয়া (১২) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার চাতলপাড় ইউনিয়নের ফকিরদিয়া গ্রামের মেঘনা নদীর তীরবর্তী স্থান থেকে স্থানীয় বাসিন্দারা তার মরদেহ উদ্ধার করেন।
ফারিয়া চাতলপাড় ইউনিয়নের কাঁঠালকান্দি গ্রামের সাখাওয়াত হোসেনের মেয়ে। সে কাঁঠালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে চাচাতো বোনদের সঙ্গে বাড়ির পাশের মেঘনা নদীতে গোসল করতে যায় ফারিয়া। গোসলের একপর্যায়ে সে হঠাৎ পানিতে তলিয়ে যায়। সঙ্গে থাকা শিশুরা বয়সে ছোট হওয়ায় তাকে উদ্ধার করতে পারেনি। পরে তারা স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যদের খবর দেয়।
খবর পেয়ে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। তবে অনেক চেষ্টা করেও সেদিন ফারিয়ার সন্ধান পাওয়া যায়নি। পরদিন বুধবার ফায়ার সার্ভিসের সদস্য ও ডুবুরিরা উদ্ধার অভিযান চালান। দীর্ঘ চেষ্টা সত্ত্বেও তার সন্ধান মেলেনি।
অবশেষে বৃহস্পতিবার সকালে নদীর তীরবর্তী ফকিরদিয়া এলাকা থেকে ফারিয়ার মরদেহ উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা।














