২২ অক্টোবর ২০২৬

ফটিকছড়িতে মাদক সেবনের দায়ে ৩ জনের ১৫ দিনের কারাদণ্ড

চোলাই মদ ও গাঁজা সেবন করে জনউপদ্রব সৃষ্টির অভিযোগে চট্টগ্রামের ফটিকছড়িতে তিনজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) রাতে উপজেলার বাগান বাজার ইউনিয়ন ও নাজিরহাট পৌরসভা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভুজপুর থানা-পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্যাহ।

দণ্ডপ্রাপ্তরা হলেন— বাগান বাজার ইউনিয়নের পুরান রামগড় এলাকার মৃত ধীরেন্দ্রের ছেলে লক্ষ্মণ দে (৩৭), নাজিরহাট পৌরসভার আবুল মনসুরের ছেলে মো. আরাফাত (২৬) এবং নূর আলমের ছেলে আফাজ মিয়া (২২)।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, অভিযানের সময় চোলাই মদ ও গাঁজা সেবন করে জনউপদ্রব সৃষ্টির অভিযোগে তাঁদের আটক করা হয়। পরে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় পৃথক তিনটি মামলায় তাঁদের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে মোট ৩০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রহমত উল্যাহ বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের কঠোর নজরদারিও অব্যাহত থাকবে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ