৪ মে ২০২৬

মেয়ে সেজে প্রেম, অপহরণ: ছাত্রলীগ নেতা আটক

বাংলাধারা ডেস্ক »

ঝিনাইদহে ফেসবুকে মেয়ে সেজে প্রেমের ফাঁদে আশরাফুল নামে এক যুবককে অপহরণের অভিযোগে এক ছাত্রলীগ নেতাসহ দুজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যার-৬) সদস্যারা।

এদিকে অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে খালেদুর রহমানকে জেলা ছাত্রলীগের সহসভাপতির পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (১৬ আগস্ট) ভোরে শহরের ব্যাপারিপাড়ার একটি ছাত্রাবাস থেকে অপহৃত যুবক আশরাফুলকে উদ্ধার করা হয়।

এ সময় অপহরণকারীরা পালিয়ে গেলেও ধরা পড়ে যায় জেলা ছাত্রলীগের সহসভাপতি খালেদুর রহমান ও তার আরেক সহযোগী শামীম আহম্মেদ।

র‌্যাব-৬ সূত্রে জানা যায়, আশরাফুলের গ্রামের বাড়ি খাগড়াছড়ির রামগড় উপজেলার থলিবাড়ী এলাকায়। তিন বছর আগে কুমিল্লার একটি গার্মেন্টসে চাকরি করার সময় তার সঙ্গে পরিচয় হয় ঝিনাইদহ সদর উপজেলার ভগবাননগর গ্রামের আলীম হোসেনের।

গত চারমাস আগে আলীম ফেসবুকে একটি ভুয়া আইডি খুলে মেয়ে সেজে আশরাফুলের সঙ্গে প্রেমের অভিনয় করে। একপর্যায়ে তাকে দেখা করার জন্য ঝিনাইদহে আসতে বলে। মেয়ের সঙ্গে দেখা করার উদ্দেশে আশরাফুল ঝিনাইদহের কেন্দ্রীয় বাস টার্মিনালে এসে পৌঁছালে তাকে অপহরণ করে আলীম ও ওই ছাত্রলীগ নেতাসহ আরও কয়েকজন।

র‌্যাব আরও জানায়, পরিবারের কাছে ফোন করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন তারা। এরপর বিকাশের মাধ্যমে ৬৮ হাজার টাকা পাঠায় আশরাফুলের পরিবার। একপর্যায়ে তার পরিবারের সদস্যরা বিষয়টি ঝিনাইদহ র‌্যাবকে জানায়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৬’র ঝিনাইদহ ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম। তিনি জানান, র‌্যাবের কাছে অভিযোগের পর মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে অপহরণকারীদের অবস্থান শনাক্ত করা হয়।

এরপর অভিযান চালিয়ে অপহৃত আশরাফুলকে উদ্ধার করে র‌্যাব। এ সময় অন্যান্যরা পালিয়ে গেলেও অপহরণকারী চক্রের অন্যতম সদস্য খালেদুর রহমান ও শামীম আহম্মেদকে আটক করা হয়েছে।

শুক্রবার বিকেলে অপহৃতকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে খালেদুর রহমানকে জেলা ছাত্রলীগের সহসভাপতির পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে ছাত্রলীগের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠিত হবে এবং সেই কমিটির রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাধারা/এফএস/এমআর/এসবি/আরইউ

আরও পড়ুন