বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মূল ভবনের নিচতলার মানসিক ওয়ার্ডে একটি অস্থায়ী স্টোররুমে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়।
হাসপাতালের প্রশাসনের এক কর্মকর্তা বলেন, মানসিক রোগ বিভাগের একটি রুমের এয়ার কন্ডিশনার (এসি) থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী জসিম উদ্দীন বলেন, বৈদ্যুতিক লাইন থেকে চমেক হাসপাতালের মানসিক ওয়ার্ডের স্টোর রুমে আগুন আগুন ধরে ছিল। আমাদের ভোর ৫টা ৩৫ মিনিটের দিকে খবর দেন। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের ৯টি গাড়ি ৬টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এতে ৫০ হাজার টাকার মালামালের ক্ষতি হয়েছে। ১০ লক্ষ টাকার মতো মালমাল ফায়ার সার্ভিস উদ্ধার করেছে। রোগীদের কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। আগুন লাগায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও এখন পরিস্থিতি স্বাভাবিক।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল। আগুন নিয়ন্ত্রণে এসেছে।
বাংলাধারা/এফএস/এমআর/এসবি












