বাংলাধারা প্রতিবেদন »
‘ছেলে ধরা বা গলাকাটা’ এ জাতীয় গুজবে সাড়া না দিতে মাইকিং করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৩ জুলাই) সকাল ১১ টার দিকে উপজেলাজুড়ে মাইকিং করে জনসাধারণের নিকট এ আহবান জানানো হয়।
মাইকিংয়ে বলা হয়, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জায়গায় অপরিচিত ব্যক্তিকে দেখে ছেলেধরা সন্দেহে একশ্রেণির উৎসুক জনতা গুজব রটানোর মাধ্যমে গণধোলাই দিচ্ছে। এ সকল পরিস্থিতিতে গুজবে কান না দিয়ে তৎক্ষনাৎ থানায় যোগাযোগ করার জন্য জনসাধারণের প্রতি অনুরোধ করা হয়।
আরো বলা হয়, গুজব দ্বারা প্রভাবিত হয়ে গণপিটুনি দেয়া একটি ফৌজদারী অপরাধ। জরুরি প্রয়োজনে জনসাধারণ ৯৯৯ নম্বরে কল দিয়ে সহায়তা নিতে পারবেন।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বাংলাধারাকে জানান, সারাদেশে অস্থিতিলশীল পরিবেশ ও নৈরাজ্য সৃষ্টির অপতৎপরতার অংশ হিসাবে একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে গলাকাটা বা ছেলে ধরা এ জাতীয় গুজব রটিয়েছে। মূলত এসব গুজবে সাড়া না দিয়ে সর্বসাধারনকে সচেতন হতে হবে।
তিনি বলেন, কোন এলাকায় যদি কোন সন্দেহভাজন ব্যাক্তি, অপতৎপরতাকারী, গুজব রটনাকারী বা ছেলে ধরার সন্ধান পাওয়া যায় তাহলে তাদেরকে মারধর না করে আইন নিজের হাতে তুলে না নিয়ে থানা পুশিলকে খবর দেয়ার আহবান জানাচ্ছি।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন বাংলাধারাকে জানান, দেশের বিভিন্ন এলাকায় গুজব রটিয়ে ইতিমধ্যে পাগল, মানসিক রোগী, প্রতিবিন্ধ এবং কয়েকজন শ্রমজীবী নিরীহ লোকজনকে নাজেহাল মারধর করা হয়েছে যা এক ধরণের ফৌজধারী অপরাধের শামিল। ছেলেধরা হিসেবে কাউকে সন্দেহ হলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেবেন। আইন হাতে নিয়ে কাউকে গণপিটুনি দেবেন না।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম












