গ্র্যাচুইটি, বিভিন্ন ভাতা, বকেয়া পাওনা পরিশোধসহ ৫ দফা দাবিতে কর্মবিরতি পালন করেছেন সাইফ পাওয়ার টেক লিমিটেডের শ্রমিক কর্মচারীরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টা থেকে সিসিটি ও এনসিটিতে শিপ হ্যান্ডলিং সহসব কাজ বন্ধ করে এই কর্মবিরতি পালন করেন তারা।
এতে সিসিটিতে থেকে ২টি ও এনসিটিতে বার্থিংয়ে থাকা ৫টি জাহাজ থেকে বন্ধ হয়ে যায় কনটেইনার খালাস কার্যক্রম।
সিডিডিএল এনসিটি পরিচালনা করলেও কাজ করেন সাইফ পাওয়ার টেকের শ্রমিকরা। নতুন করে ডিপি ওয়ার্ল্ড এনসিটি পরিচালনা শুরু করবে শিগগির। সিসিটি পরিচালনায় সাইফ পাওয়ারের মেয়াদ শেষ পর্যায়ে।
বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, সকাল আটটা থেকে সাময়িক কর্মবিরতি পালন করেছেন শ্রমিকরা। তাদের সঙ্গে আলোচনার পর কাজে যোগ দিচ্ছেন।
বেলা সোয়া একটায় বন্দর সচিব সাংবাদিকদের জানান, এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরের এনসিটি ও সিসিটি টার্মিনালে কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রম চলমান রয়েছে।













