প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’র প্রভাবে সাগর উত্তাল থাকায় কক্সবাজার থেকে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে ট্রলার, স্পিডবোটসহ সব ধরনের নৌযান চলাচলও বন্ধ রাখা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নৌযান চলাচল বন্ধ থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল থাকায় পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে নৌযান চলাচলের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে কক্সবাজার সমুদ্রবন্দরের ২ নম্বর স্থানীয় সতর্কসংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি সাগরে অবস্থানরত সব ধরনের নৌযানকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
ঘূর্ণিঝড়ের প্রভাব ও সাগরের পরিস্থিতি বিবেচনায় পর্যটক ও নৌযান সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।













