১৬ মার্চ ২০২৬

চামড়া নিয়ে সিন্ডিকেটের কারসাজি হয়ে থাকলে ব্যবস্থা: কাদের

বাংলাধারা ডেস্ক »

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোরবানির পশুর চামড়া নিয়ে সিন্ডিকেট হয়েছে কিনা সেটি খতিয়ে দেখা হবে। যদি সিন্ডিকেটের কারসাজি হয়ে থাকে, তবে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ সময় এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ছিলো না বলেও জানিয়েছেন তিনি।

বুধবার (১৪ আগস্ট) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ঈদ পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

ওবায়দুল কাদের বলেন, চামড়ার দাম নিয়ে কারসাজি হয়েছে কিনা আমি জানি না। কোরবানির পশুর চামড়া সংগ্রহ বা বেচাকেনা এখনও শেষ হয়নি। আজও অনেকে কোরবানি করবেন। আজও চামড়া বেচাকেনা হবে। তবে সিন্ডিকেট করে চামড়ার দাম কমানো হয়ে থাকলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

মন্ত্রী বলেন, এবারের ঈদুল আজহার ছুটিতে বাড়ি ফেরা মানুষদের, বিশেষ করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রা মোটেই স্বস্তিদায়ক ছিলো না। 

ওবায়দুল কাদের বলেন, বন্যা ও অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত অন্য সড়কগুলোও নির্ধারিত সময়ে ঠিক না হওয়ায় ঈদযাত্রায় মানুষের কষ্ট হয়েছে। এই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকায় এর দায় আমাকে নিতেই হবে।

আগামীতে আর যাতে সড়কে যাত্রীদের এমন সমস্যায় পড়তে না হয়, সেই উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী।

বাংলাধারা/এফএস/এমআর/এসবি

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ