চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ মিছিলে বাসের ধাক্কায় সাতজন আহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল করছিলেন। এ সময় একটি বাস বেপরোয়া গতিতে এসে মিছিলে থাকা নেতাকর্মীদের ধাক্কা দেয়। এতে সাতজন আহত হন। পরে স্থানীয় লোকজন ও দলীয় নেতাকর্মীরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
ঘটনার পর বিক্ষুব্ধ নেতাকর্মীরা বাসটি ভাঙচুর করেন। খবর পেয়ে কর্ণফুলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চট্টমেট্রো-ছ ১১-২১৪৮ নম্বরের বাসটি জব্দ করে এবং চালককে আটক করে।
কর্ণফুলী উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম মামুন মিয়া বলেন, দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতার পরিপ্রেক্ষিতে প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে তাঁরা মিছিল করছিলেন। এ সময় একটি বাস বেপরোয়া হয়ে নেতাকর্মীদের ধাক্কা দেয়। এতে সাতজন আহত হন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করেছে এবং চালককে আটক করেছে। ঘটনাটি দুর্ঘটনা নাকি উদ্দেশ্যপ্রণোদিত, তা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।













